রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬
- প্রকাশের সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 11
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে দুই দেশে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ার ১৫ জন এবং ইউক্রেনের ১১ জন রয়েছেন। এ ঘটনায় দুই দেশেই আহত হয়েছেন বহু মানুষ।
রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় ১৫ জন নিহত হন। এর মধ্যে ক্রাসনোদার অঞ্চলের গেলেন্দঝিক জেলার পর্যটনপল্লী আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
একই দিনে ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোদেও ড্রোন হামলা চালায়। এতে ক্রিমিয়ায় চারজন নিহত ও দুজন আহত হন। বেলগোরোদে নিহত হন আরও চারজন এবং আহত হয়েছেন ১৭ জন।
অন্যদিকে, সোমবার ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ জেলার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরকবাহী রুশ ড্রোন আঘাত হানলে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী ও তাঁর আট বছর বয়সী ছেলে রয়েছেন। হামলার পর পেট্রোল স্টেশনটিতে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ছাড়া সোমবার রাতে ইউক্রেনের জাপোরিজ্জিয়া প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেসামরিক মানুষের হতাহতের ঘটনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা বসতি রুশ বাহিনী দখলে নিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুই দেশের সামরিক বাহিনীর পাশাপাশি ব্যাপকসংখ্যক বেসামরিক মানুষও হতাহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
























