হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- প্রকাশের সময় : ১২:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 6
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বুধবার (২৯ জুলাই) আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা না থাকায় পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।
মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় সকাল ১০টার পর ১৪৪ ধারা কার্যকর করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বিজিবিও দায়িত্ব পালন করে।
এদিকে বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।





















