আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
- প্রকাশের সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 5
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে।
সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি বেল–৪১২ মডেলের। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে প্রশিক্ষিত দমকলকর্মীদের প্রথম দলটি ওই হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছিল।
সান জুয়ান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এটি বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা এএফপিকে বলেন, হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, এটি অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা এবং কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করেছে সান জুয়ান প্রাদেশিক সরকার।
এ ঘটনায় সান জুয়ান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় সাত দিন আগে লা রিওজা প্রদেশে দাবানল শুরু হয়। এতে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি





















