মাধ্যমিক শিক্ষা ও নারী উন্নয়নে সরকারি উপবৃত্তির ভূমিকা
- প্রকাশের সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 22
শিক্ষাই নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নের প্রধান চাবিকাঠি। একসময় আমাদের দেশে নারী শিক্ষার হার ছিল অত্যন্ত নিম্ন। বর্তমানে দেশে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মাধ্যমিক স্তরে ছেলে-মেয়ের অংশগ্রহণ প্রায় সমতায় পৌঁছেছে। এই সাফল্যের পেছনে সরকারি উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং পরীক্ষার ফরম পূরণে নগদ অর্থসহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতির হার আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ও নারী উন্নয়নে সরকারি উপবৃত্তির প্রভাব নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণার উদ্দেশ্য ছিল মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি উপবৃত্তি কর্মসূচির ভূমিকা মূল্যায়ন করা এবং শিক্ষার মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে লিঙ্গবৈষম্য হ্রাসে কী ধরনের অবদান রাখছে, তা অন্বেষণ করা। পাশাপাশি মাধ্যমিক শিক্ষা নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ, উপার্জনক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক পুঁজির মাধ্যমে তাদের ক্ষমতায়নে কতটা সহায়ক, তাও বিশ্লেষণ করা হয়।
গবেষণায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেস স্টাডি হিসেবে নির্বাচন করা হয়। তথ্য সংগ্রহে সরকারের বিভিন্ন প্রতিবেদন, প্রশ্নমালা, দলীয় আলোচনা (FGD) এবং এ-সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন বই ও গবেষণাপত্র পর্যালোচনা করা হয়েছে।
গবেষণায় দেখা যায়, উপবৃত্তি কর্মসূচি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে কাজ করছে। বাংলাদেশের মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অনগ্রসর নারী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির ফলে বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি ও শ্রেণিকক্ষে উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উপবৃত্তির পাশাপাশি বিনা বেতনে অধ্যয়ন এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মতো সহায়ক উদ্যোগগুলো দরিদ্র অভিভাবকদের কন্যাসন্তানের শিক্ষা অব্যাহত রাখতে বিশেষভাবে উৎসাহিত করেছে।
গবেষণায় আরও দেখা গেছে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর নারীরা গার্মেন্টস শিল্প, নার্সিং, প্রাথমিক শিক্ষকতা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি করেছে। শিক্ষিত নারীরা এখন পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তাদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং জেন্ডার সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
এই অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি করেছে এবং পরিবার ও সমাজে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। ফলে নারীর ক্ষমতায়নের পথ সুদৃঢ় হয়েছে।
পরিশেষে, গবেষণাটি নিশ্চিত করে যে, মাধ্যমিক স্তরের সরকারি উপবৃত্তি কর্মসূচি বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সমাজ থেকে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ণ দূর না হওয়ায় নারী উন্নয়নের পথে এখনও কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। তাই নারী শিক্ষার এই অগ্রযাত্রাকে টেকসই করতে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
লেখক : উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বালিয়াকান্দি, রাজবাড়ী।




















