কালুখালীতে জেলা প্রশাসক আফরোজা পারভীনের দিনব্যাপী সফর
- প্রকাশের সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 38
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে কালুখালীর উদ্দেশে রওনা হন। সফরের শুরুতে তিনি কালুখালী থানা পরিদর্শন করেন। সেখানে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল তাকে স্বাগত জানান এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এরপর জেলা প্রশাসক মদাপুর ইউনিয়ন পরিষদ ও মদাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। সেখান থেকে তিনি রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।
উপজেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য নতুন বেড প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন হাসপাতালের চলমান কার্যক্রম ও স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসক আফরোজা পারভীন কালুখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
মধ্যাহ্নভোজের পর সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক।
পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভূমি সেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
সফরের শেষ অংশে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ সফরে প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সফরের বিভিন্ন পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান উপস্থিত ছিলেন।




















