মেসিকে রুখতে কী পরিকল্পনা ইংল্যান্ডের?
- প্রকাশের সময় : ১০:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 15
বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি মানেই প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক। বয়স ৩৯ পেরোলেও আর্জেন্টিনার এই মহাতারকার ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনো অটুট। তাই সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় চিন্তা, কীভাবে আটকানো যাবে মেসিকে?
বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে মেসিকে ঘিরেই চলছে সবচেয়ে বেশি আলোচনা। নকআউট পর্বে আর্জেন্টিনা কয়েকবার সমস্যায় পড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে সামনে এসেছেন মেসি। কখনো গোল করে, কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক ফুটবলার ট্রয় ডিনি মনে করছেন, মেসির বিপক্ষে জিততে হলে ইংল্যান্ডকে নিতে হবে সাহসী কৌশল। তাঁর মতে, মেসিকে আটকাতে একজন নির্দিষ্ট ডিফেন্ডারকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
ডিনির পরামর্শ, প্রথম একাদশে জেড স্পেন্সকে সুযোগ দেওয়া উচিত। তাঁর মতে, স্পেন্সের গতি ও শারীরিক সক্ষমতা মেসির মোকাবিলায় কার্যকর হতে পারে।
ডিনি বলেন, ‘আমি স্পেন্সকে খেলাতাম এবং তাকে একটাই দায়িত্ব দিতাম—মেসি যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। মেসি ভেতরের দিকে ঢুকলে তুমিও তাকে অনুসরণ করবে। তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা জায়গা দেওয়া যাবে না।’
তাঁর মতে, মেসির বিরুদ্ধে সাধারণ রক্ষণ পরিকল্পনা যথেষ্ট নাও হতে পারে। কারণ সামান্য জায়গা পেলেই আর্জেন্তাইন অধিনায়ক কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নিতে পারেন।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয় ম্যাচেই মাঠে নেমেছেন জেড স্পেন্স। যদিও প্রথম একাদশে তাঁর সুযোগ এসেছে মাত্র দুইবার, তবে মাঠে নামার পর গতি, শক্তি ও লড়াকু মানসিকতার জন্য প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে নরওয়ের বিপক্ষে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।
এখন প্রশ্ন, ইংল্যান্ড কোচ থমাস টুখেল কি মেসিকে থামাতে স্পেন্সকে ব্যবহার করবেন? নাকি ভিন্ন কোনো কৌশল নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড?

























