বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের
- প্রকাশের সময় : ০৮:২২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 3
সেঞ্চুরির কথা উঠলে সাধারণত ক্রিকেটের কথাই সবার আগে মনে আসে। তবে ফুটবলেও রয়েছে এমন অর্জনের আলাদা মাহাত্ম্য। এবার বিশ্বকাপে সেই অনন্য মাইলফলক স্পর্শ করেছে নেদারল্যান্ডস।
হিউস্টনে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে বিশ্বকাপে নিজেদের ১০০ গোলের মাইলফলক পূর্ণ করেছে ডাচরা। এই জয়ের পর বিশ্বকাপে নেদারল্যান্ডসের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৩-এ।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অন্তত ১০০ গোল করা অষ্টম দল হিসেবে নাম লেখাল নেদারল্যান্ডস।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল এখন ব্রাজিল ও জার্মানি। টুর্নামেন্টের প্রতিটি আসরে অংশ নেওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মোট গোল ২৪১টি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির গোলসংখ্যাও ২৪১টি।
তালিকায় এরপর রয়েছে আর্জেন্টিনা (১৫৫), ফ্রান্স (১৩৭), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল্যান্ড (১০৪)। এবার সেই অভিজাত তালিকায় যোগ হলো নেদারল্যান্ডসের নামও।
সুইডেনের বিপক্ষে বড় জয়ের ম্যাচে ডাচদের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। আর শেষদিকে গোল করেন ক্রিসেনসিও সামারভিল। দাপুটে এই জয়ে গ্রুপের শীর্ষেও উঠে এসেছে নেদারল্যান্ডস।

























