ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রকাশের সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 5
বিগত ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে কোটি কোটি পাচার করেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার মহালুট করেছে। বর্তমান সরকার এসব অনিময়, দুর্নীতি বন্ধ করে দিয়েছে।আমরা সৌর বিদ্যুতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটা অব্যাহত থাকবে, বন্ধ হবে না।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদ্যুতে সক্ষমতা অর্জন করতে জনগণকে আরও সচেতন হতে হবে। আপনারা ঘরের চালে, ছাদে যে যেখানে পারেন ছোট ছোট করে সৌর বিদ্যুৎ করেন। সব সরকারের ওপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করব।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী বেলাবো এর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না। তিনি আরো বলেন, আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে। তার মধ্যে ৮০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মী নেওয়া হবে।
বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব ও ওসি এসএম আমানুলসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






















