কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 234
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার।
এ ছাড়া রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এখানে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের সব শ্রেণির মানুষ অংশ নেবেন।”
তিনি আরও বলেন, “শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।”
























