রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী
- প্রকাশের সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 2
রাজবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটীপাড়া কাজী ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী নাগরিক ফোরামের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সংগঠনের নিজস্ব অর্থায়নে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন হয় সকাল ৯টায়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান। উদ্বোধনের পর চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে মেডিসিন, কিডনি, শিশু, যৌনরোগ, ডায়াবেটিস, গাইনি ও প্রসূতিসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। সেবা দেন সাবেক সিভিল সার্জন মো. নুরুল আমিন, জেলা সদর হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক রহমতুন্নেসা কেয়া, পিজি হাসপাতালের জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন এবং পুরুষ প্রজননতন্ত্র, বন্ধ্যত্ব ও যৌনরোগ বিশেষজ্ঞ মো. সুলতান উদ্দিন জাহিদ, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কমল কুমার দাস ও শিশু বিশেষজ্ঞ মোহাম্মদ রহমত আলী শেখ।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৫৫ বছর বয়সী মালা বেগম বলেন, ‘আমার মাথাব্যথার সমস্যা আছে। আমার স্বামীও অসুস্থ। বাইরে চিকিৎসক দেখাতে ৬০০ থেকে ৭০০ টাকা লাগে। তাই নিয়মিত দেখানো হয় না। মাইকিংয়ের মাধ্যমে জানতে পেরে এখানে এসেছি। চিকিৎসক দেখিয়েছি, ওষুধও পেয়েছি।’
লক্ষ্মী রাণী নামের আরেক রোগী বলেন, ‘আমার ডায়াবেটিস আছে। এখানে চিকিৎসক দেখিয়ে তিন ধরনের ওষুধ পেয়েছি। এতে আমার অনেক উপকার হয়েছে।’
আবুল কাশেম বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের পক্ষে টাকা দিয়ে চিকিৎসক দেখানো কঠিন। এই ক্যাম্পে আমি ও পরিবারের আরও দুই সদস্য চিকিৎসা নিয়েছি। আমাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে। এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমাদের মতো মানুষের উপকার হবে।’
ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কমল কুমার দাস বলেন, ‘এ এলাকায় অনেক দরিদ্র মানুষ বসবাস করেন। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাঁদের সেবা দিতে এসেছি। চর্ম, যৌনরোগ ও ডায়াবেটিসের রোগীদের চিকিৎসা দিচ্ছি। যাঁদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, তাঁদের বাইরে থেকে কম খরচে পরীক্ষা করানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’
মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন সরদার বলেন, এক বছরের বেশি সময় আগে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। এরপর থেকে বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন। এতে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও পর্যাপ্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন তাঁরা।






















