দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
- প্রকাশের সময় : ১০:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 7
বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ‘১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পালন না করে, তাহলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় জামায়াতকে নিতে হবে।
বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি।
বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রল পাম্প থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















