ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রাজবাড়ীতে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 154
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে “ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম-২০২৬”। শুক্রবার (২৩ মে) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী পাবলিকিয়ান আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়।
সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়। আয়োজকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজবাড়ী পাবলিকিয়ানের কোষাধ্যক্ষ সাব-রেজিস্ট্রার পারভেজ খান, অ্যালামনাই সদস্য আব্দুল্লাহ আল মাসুদ (বিসিএস সাধারণ শিক্ষা) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবলিকিয়ান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পাবলিকিয়ানের উপদেষ্টা হিসেবে রয়েছেন চিকিৎসক ইকবাল হোসেন, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং বরেণ্য শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম এফসিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) এবং সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মাগুরা সদর জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।
আগামী ৩০ মে রাজবাড়ী পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপসহ মোট ২৫টি আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে এমন আয়োজন তাদের প্রস্তুতিতে সহায়ক হবে। তারা এ আয়োজনের জন্য রাজবাড়ী পাবলিকিয়ান পরিবারকে ধন্যবাদ জানান।























