ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ জরুরি নির্দেশনা
- প্রকাশের সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 105
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) অধ্যাপক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবা চালু রাখতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যাবে। তবে জরুরি চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছুটি মঞ্জুর করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে শিশু ওয়ার্ড এবং হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ও বিকেলে রাউন্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ছুটির আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম অবহিত করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালগুলোকে অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বন, রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং ঈদের দিন রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথাও উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি বিভাগ চালু রাখতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় রোগী রেফার না করা এবং রেফারের আগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে এবং যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনার তথ্য দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।



















