শৈলকুপায় তীব্র গরমে পাটক্ষেতে কৃষকের মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 10
ঝিনাইদহের শৈলকুপায় তীব্র তাপদাহের মধ্যে পাটক্ষেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শাহিন আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম ওই গ্রামের বেনজীর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে খাবার খেয়ে নিজ জমিতে পাট নিড়ানির কাজ করতে যান শাহিন আলম। কয়েকদিনের অসহনীয় গরমে মাঠের পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। দীর্ঘ সময় প্রখর রোদে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
পাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাহিন আলমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক ও শ্রমজীবী মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে কাজ করছেন। চিকিৎসকরা এ সময়ে পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম এবং দীর্ঘ সময় সরাসরি রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন।






















