বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
- প্রকাশের সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 15
ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত আব্দুল্লাহ ভুক্তভোগীর স্বামীর বন্ধু বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ তাকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে তাকে উপজেলার কাশিপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





















