বিদেশে গিয়েছিলেন রোজগারের আশায়, ফিরলেন লাশ হয়ে, কালীগঞ্জে শোকের ছায়া
- প্রকাশের সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 124
পরিবারের সুখ-শান্তি ও আর্থিক স্বচ্ছলতার আশায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রবিউল ইসলাম। কিন্তু নির্মম পরিণতিতে স্বপ্ন পূরণের আগেই তিনি ফিরে এলেন লাশ হয়ে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়া থেকে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে নানা জটিলতার কারণে মরদেহ দেশে আনতে দীর্ঘ সময় লেগেছে।
মৃত্যুকালে রবিউল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। ভবিষ্যৎ জীবিকা ও সংসার পরিচালনা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।
এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ছিলেন সৎ ও পরিশ্রমী একজন মানুষ। পরিবারের উন্নতির আশায় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।
ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ত্রিলোচানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন।
স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাদ এশা নামাজের পর বালিয়াডাঙ্গা দোতলা মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।























