ভারতে কোভিডকালে পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যু: ৯ পুলিশকে মৃত্যুদণ্ড

- প্রকাশের সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 131
ভারতের তামিলনাড়ুর থুথুকুডি জেলায় কোভিড লকডাউনের সময় দোকান খোলা রাখার অভিযোগে গ্রেফতার করা ব্যবসায়ী পি. জয়রাজ ও তার ছেলে জে. বেনিক্সকে পুলিশি হেফাজতে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মাদুরাই জেলার আদালত সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন ইন্সপেক্টর শ্রীধর, সাব-ইন্সপেক্টর বালাকৃষ্ণন ও রঘু গণেশ এবং কনস্টেবল মুরুগান, সামাদুরাই, মুথুরাজা, চেল্লাদুরাই, টমাস ফ্রান্সিস ও ভেইলুমুথু।
আদালত জানিয়েছে, বাবা ও ছেলেকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করা হয়েছিল এবং প্রতিশোধপরায়ণভাবে তাদের একে অপরের সামনে নির্যাতন করা হয়েছিল, যা মানবতার পরিপন্থী। আদালত বলেছে, জনগণের করের টাকায় বেতন পাওয়া পুলিশকর্মীরা মানসিক চাপকে এ ধরনের বর্বরতার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবে না।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৯ জুন। পুলিশি নির্যাতনের ফলে জয়রাজ ও বেনিক্সের মৃত্যু হয়। মামলায় মোট ১০ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে সিবিআই তদন্তভার গ্রহণ করে।
এই রায় তামিলনাড়ুর পুলিশ বাহিনীর মধ্যে “ক্ষমতার চরম অপব্যবহার” এ ঘটনা থেকে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।





















