মহাদেবপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
- প্রকাশের সময় : ০৪:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 165
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা-এ শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা পারভিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনি দিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ঝুঁকি থেকে রক্ষা করতে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।






















