জয়পুরহাটে র্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 306
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার খঞ্জিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্র ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে জয়পুরহাট জেলার ক্ষেতলাল এলাকায় সক্রিয় কয়েকজন মাদক ব্যবসায়ীর ওপর নজরদারি শুরু করে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ছাকাউল ইসলাম (২৭) ও দুলাল হোসেন (৫০) নামে দুই ব্যক্তি খঞ্জিয়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৯.৯ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার ৬০০ টাকা। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
র্যাব-৫ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।
























