দৈনিক জনতার আদালতের ইফতার ও দোয়া মাহফিল
- প্রকাশের সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 199
পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক জনতার আদালত পাঠক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী শহরের আইয়ুব হিলটপে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তৃতা করেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন জনতার আদালত পাঠক ফোরামের আহ্বায়ক শাহ মুজতবা রশীদ আল কামাল।
বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। তারা বলেন, সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক জনতার আদালত দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। এতে অংশগ্রহণকারী অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতার ্আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন। এসময় ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদসহ পত্রিকার সাথে সংশ্লিষ্টজন উপস্থিত ছিলেন।


























