বালিয়াকান্দি ও বহরপুর বাজারে মনিটরিং অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা
- প্রকাশের সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 263
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও বহরপুর বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মান ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ইফতার সামগ্রী, মিষ্টান্নের দোকান, মুদি দোকান ও ফলের আড়তসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মূল্য তালিকা ও ক্রয় রসিদ যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সরকারি কলেজ সংলগ্ন বাবুলতলা এলাকার একটি ফলের আড়তের মালিক সাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বহরপুর বাজারের ‘সাহা মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক সাগর সাহাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ১ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের ‘সোলেমান হোটেল’-এর মালিক সোলেমান শেখের পুত্র সালমান শেখকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উভয় বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিশ্চিত করা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে পবিত্র মাহে রমজানজুড়ে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।




















