আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, পাঁচ যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 185
রাজবাড়ী আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি শাহিন শেখ (৩৩) হাজিরা দিয়ে ফেরার সময় তাঁর নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার আসামি শাহিন শেখ। গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাভ্যানে তোলার সময় তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দ্রুত তাঁকে নিরাপদে নিয়ে যায়। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার আবদুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আবদুল হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০) এবং আরও তিনজন কিশোর। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।
শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি ২০২২ সালের মার্চে এ দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে পূর্বের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।




















