পাংশায় ব্যবসায়ীকে মারধর ও নগদ অর্থ ছিনতাই
- প্রকাশের সময় : ১১:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 374
রাজবাড়ীর পাংশায় পূর্বশত্রুতার জের ধরে মো. আব্দুল আলীম (৪০) নামে এক ব্যবসায়ীকে মারধর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজার ও খামারপাড়া এলাকার একটি ফাঁকা সড়কে। অভিযোগ অনুযায়ী, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আব্দুল আলীমকে পথরোধ করে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আহত মো. আব্দুল আলীম মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার মৃত হাসেন আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে মেঘনা বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
আব্দুল আলীম জানান, ঘটনার সময় দবির প্রামাণিক (৩৬), বাবু মণ্ডল (৩৩) ও রাকিব হোসেন (২৫) তাকে পেছন থেকে আক্রমণ করে। তারা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তার কপাল ফাটিয়ে দেয় এবং সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে তার ২০১৭ সাল থেকে জায়গা-জমি সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরেই দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল।
তিনি জানান, সুস্থ হয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা করবেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রোকসানা জানান, আহত আব্দুল আলীম কপালে কাটা জখম ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

























