মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কোটালিপাড়ার ৫ কিষাণী নিহত, এলাকায় শোকের মাতম
- প্রকাশের সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 208
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।
পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ জানিয়েছেন, নিহতরা হলো: পলাশ বাড়ৈয়ের স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈয়ের স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈয়ের স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈয়ের স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)। তারা রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যান। ইজিবাইকে ফেরার পথে ঘটকচরে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সঙ্গে সংঘর্ষের শিকার হন।
গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন, “আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়। গতকাল ভোরে দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে এসেছে। আমরা নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি করছি।”
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, “একই গ্রামে পাঁচ কিষাণী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মহদেহ রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে দাহের প্রক্রিয়া চলছে।”




















