শীতের ছোঁয়া সবজির বাজারে, বাড়তি দামেই মাছ
- প্রকাশের সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 200
দীর্ঘ সময় ধরে চড়া দামে বিক্রি হওয়া সবজির বাজারে শীতের প্রভাবে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে এখন অধিকাংশ সবজি কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে টমেটো ও বরবটির মতো কয়েকটি সবজির দাম এখনও তুলনামূলক বেশি। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের ফুলকপি প্রতিপিস ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙ্গা ও শিম ৫০ টাকা, মুলা ও শালগম ৪০ টাকা, খিড়া ৫০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৫০ টাকা ও টমেটো কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দামে কিছুটা স্বস্তি এলেও মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। তেলাপিয়া মাছ কেজিপ্রতি ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, কই ২৫০ থেকে ২৮০ টাকা এবং চাষের শিং ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় চিংড়ির দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা, শোল ৮০০ টাকা এবং টেংড়া ৫০০ থেকে ৬৫০ টাকা।
মাংস ও মুরগির বাজারেও দাম স্থিতিশীল থাকলেও কমেনি। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের মতে, শীত মৌসুমে সবজির দাম আরও কমার কথা ছিল। তবে মাছের দাম দীর্ঘদিন ধরেই নাগালের বাইরে থাকায় সাধারণ মানুষের জন্য ভালো মাছ কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন, মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারে মাছের দাম কমানো সম্ভব হচ্ছে না।

























