পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

- প্রকাশের সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 100
রাজবাড়ীর পাংশায় প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসংস্কারক মরহুম এয়াকুব আলী চৌধুরীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামে অবস্থিত তাঁর পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা, রাজবাড়ীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা এয়াকুব আলী চৌধুরীর সাহিত্যকর্ম, জীবনাদর্শ ও সমাজ উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মানবিক সাহিত্যিক। তাঁর রচনায় গ্রামীণ সমাজের বাস্তবতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গভীর প্রতিফলন ঘটেছে।
‘সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী’ নামে সুপরিচিত এই গুণী ব্যক্তি ছিলেন বাংলা ভাষার একজন খ্যাতিমান লেখক, সাংবাদিক, শিক্ষক ও সমাজসংস্কারক। শিক্ষা ও সাহিত্যচর্চার মাধ্যমে তৎকালীন পশ্চাৎপদ মুসলমান সমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা গদ্যের একজন শক্তিশালী শিল্পী হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামি দর্শন, সংস্কৃতি, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তাঁর লেখার প্রধান উপজীব্য। বাংলা ভাষার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের কারণেই তিনি আজও স্মরণীয়।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘ধর্মের কাহিনী’, ‘নূরনবী’, ‘শান্তিধারা’ ও ‘মানব মুকুট’। এছাড়া তাঁর অপ্রকাশিত রচনাবলি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. শহিদুর রহমান, সভাপতি—মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ; কবি ফিরোজ হায়দার, সভাপতি—পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ; কবি শেখ মোহাম্মদ সবুর উদ্দিন, দপ্তর সম্পাদক—এয়াকুব আলী চৌধুরী পাঠাগার; সুশীল কুমার মুদী, সাবেক প্রধান শিক্ষক—এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ; মো. মনজুর রহমান, অধ্যক্ষ—প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমি; আসকার দানিয়েল সিপার; কাজী ফরহাদ জামিল রুপু এবং কবি এয়াকুব আলী চৌধুরীর নাতি ও ‘এয়াকুব আলী চৌধুরী রচনাবলী’ গ্রন্থের লেখক মো. সাজ্জাদ আলী চৌধুরী।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. এনামুল হক। এতে স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























