গর্তে পড়ে মারা যাওয়া সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

- প্রকাশের সময় : ১১:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 205

গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া দুই বছরের শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজার দিন সকাল থেকেই শোকে স্তব্ধ ছিল পুরো গ্রাম। মসজিদের মাইকে শিশুটির মৃত্যুর খবর প্রচারের পর গ্রামে সব কাজকর্ম থেমে যায়। দোকানপাটও অধিকাংশই খোলা হয়নি। গ্রামের মানুষজন পাঞ্জাবি ও টুপি পরে সাজিদের বাড়ির দিকে ছুটে যান তাকে শেষবার দেখার জন্য।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাজিদের মরদেহ গ্রামে পৌঁছায়। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খননের পর ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাজার সময় উপস্থিত সবার চোখ ছিল ভেজা। শিশুটির সাদা কাফনের ছোট্ট দেহটি দেখা মাত্রই চারপাশে কান্নার রোল পড়ে যায়। সাজিদের মা আহাজারি করছিলেন, স্বজনরা তাকে ধরে রেখেছিলেন, কিন্তু থামাতে পারেননি তার কান্না।
জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে শিশুটির মাগফিরাত এবং শোকাহত পরিবারের জন্য দোয়া করা হয়। ছোট্ট কফিনটি কবরের দিকে নিয়ে যাওয়ার সময় পুরো মাঠ নিস্তব্ধ হয়ে যায়, শুধু শোনা যাচ্ছিল স্বজনদের কান্নার শব্দ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নিখোঁজ হয়। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।























