‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
- প্রকাশের সময় : ১২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 204
মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ তৈরির উদ্দেশ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু সেই চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই কলেজের ছাত্ররা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠানো হয়েছে এবং আইডিয়াল কলেজ এলাকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
নতুন করে সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা এখনো জানা যায়নি। সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়, ফলে তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।
গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের মধ্যে মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল এবং শিক্ষার্থীরা আর সংঘর্ষে জড়াবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু এক মাসের মধ্যেই ফের সেই পরিস্থিতি সৃষ্টি হলো।






















