মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
- প্রকাশের সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 109
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করে গৃহকর্মী পালিয়েছে। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ৭ তলা ভবনের বাসায় মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজে বের হন এবং দুপুরে ফিরে এসে স্ত্রীর ও মেয়ের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। নাফিসাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান।
পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্মী আয়েশার নাম পাওয়া গেছে। হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির মধ্যে উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং ঘটনার তদন্ত চলছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।

























