পাংশায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

- প্রকাশের সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 79
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. কাওছার আলীর দুইটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দেশি প্রজাতির মাছসহ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটার পর তিনি থানায় লিখিত অভিযোগ করলেও তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে—উভয় পুকুরেই অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় কয়েকজনকে মৃত মাছ সংগ্রহ করতেও দেখা যায়। এলাকাবাসীরা জানায়, এর আগেও একইভাবে কাওছার আলীর পুকুরে মাছ নিধনের ঘটনা ঘটেছে।
কাওছার আলী বলেন, “ইতিপূর্বেও আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল। এছাড়া শতাধিক সুপারি, লিচু ও কলাগাছ কেটে নষ্ট করেছে একই দুষ্কৃতিকারীরা। বারবার এমন ক্ষতি করেও কারা করছে তা আমরা বুঝতে পারছি না।”
স্থানীয় বাসিন্দারাও জানান, প্রায়ই কাওছার আলীর ক্ষতি সাধন করা হলেও কে বা কারা এ শত্রুতা করছে তা শনাক্ত করা যাচ্ছে না।
কাওছার আলী আরও বলেন, “৩০ নভেম্বর নিজে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো পুলিশ ঘটনাস্থলে আসেননি। আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। মিডিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি তদন্ত আব্দুল গনি বিষয়টি দেখবেন বলে জানান।

























