জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
- প্রকাশের সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 93
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট এবং কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।
জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, রাতে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ চলছিল। সেটি দেখতে গিয়ে ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে সম্প্রতি মাদক কারবারীদের দুই গ্রুপ—বুনিয়া সোহেল ও পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে। কয়েকদিন আগে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।






















