পূজার শাড়ী পেয়ে হাসি ফুটল হতদরিদ্রদের
- প্রকাশের সময় : ০৫:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 215
অনেকেরই সাধ্য বা সামর্থ্য নেই পূজায় নতুন পোশাক কেনার। তাদের পাশে দাঁড়িয়েছে ‘আমরা সনাতনী যুুবক’ নামে রাজবাড়ীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সংগঠনটির উদ্যোগে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকার হিন্দু ধর্মালম্বী হতদরিদ্র দেড়শ নারীকে শাড়ী উপহার দেওয়া হয়। রাজবাড়ী ভাজনচালা শীতলা মন্দির থেকে বিতরণ করা হয় এসব শাড়ী।
রমা দাস নামে একজন জানান, তার স্বামী বেকার। তিনি মানুষের বাড়িতে কাজ করেন। তার সামর্থ্য নেই নতুন পোশাক কেনার। শাড়ীটি পেয়ে তিনি খুব খুশী।
সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। তারা চান ধনী গরীব নির্বিশেষে সকলেই উৎসবে শামিল হোক। আর্থিক কারণে কেউ হয়তো নতুন পোশাক কিনতে পারেনা। তারা তাদের সাধ্যমত চেষ্টা করেন ওইসব মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।
শাড়ী বিতরণকালে উপস্থিত ছিলেন সুমন দাস, রতন দাস, অনিক দাস, পরিমল সরকার, মাধব সরকার, গৌরাঙ্গ সরকার, নিশান সাহা, সীমান্ত রায়, জিৎ কুন্ডু প্রমুখ।


























