রাজবাড়ীর সব দুর্গা মন্দিরে থাকবে সিসি ক্যামেরা
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব
- প্রকাশের সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 237
পূজার ঘণ্টা বেজে গেছে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো দুর্গোৎসবের। রাজবাড়ীতে দুর্গাপূজা নির্বিঘেœ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে পূজাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে তারা মতবিনিময় করেছেন। দিয়েছেন সাহায্য সহযোগিতাও।
জানা গেছে, রাজবাড়ী জেলায় এবার ৪৩৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার সবেচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে বালিয়াকান্দি উপজেলায়। এ উপজেলায় পূজার সংখ্যা ১৪৯টি। এছাড়া রাজবাড়ী সদরে ১০৯টি, কালুখালীতে ৫৭টি, পাংশায় ৯৮টি এবং গোয়ালন্দে ২৫টি পূজা অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী শহরের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। মন্ডপের কর্মীরা এখন তাই ব্যস্ত। রাজবাড়ী শহরের হরিতলা মন্দিরে গিয়ে দেখা যায়, নয়নাভিরাম সাজে সাজানো হয়েছে প্রতিমা। করা হচ্ছে আলোকসজ্জা। দুর্গাপূজা কমিটির সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম বলেন, তারা প্রতিবারই চেষ্টা করেন ভিন্নধর্মী কিছু করতে। এবারও সেই চেষ্টা করেছেন। পূজা একদিকে যেমন মনের ভক্তি, অন্যদিকে উৎসবও। এটাই বাঙালির চিরন্তর ধারা। তিনি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাস জানান, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। মন্ডপ স্বেচ্ছাসেবকও নিয়োজিত থাকবে। তারা আশা করছেন উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবের সাথে পালিত হয় এজন্য জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মন্দির কেন্দ্রীক নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটি করবে। সেভাবেই তাদের দায়িত্ব বিলি বন্টন করা হয়েছে। কেউ যাতে গুজব না ছড়ায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি তিনি নজরে রেখেছেন। শহরে যানজট এড়াতে বাড়তি ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে। সাদা পোশাকেও পুলিশ থাকবে। জেলার প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা থাকবে। কেউ যদি কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড়া নেই।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার প্রতিটি পূজা মন্ডপে পাঁচশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা যাতে নির্বিঘেœ সম্পন্ন হয় এজন্য তারা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে তিনি রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। তিনি আশা করেন সকলের সহযোগিতায় দুর্গাপূজা উৎসবমুখরভাবে সম্পন্ন হবে। .


























