অসাংবিধানিক আবদার’ মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাহউদ্দিন আহমদ
- প্রকাশের সময় : ০৯:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 75
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। তিনি মনে করিয়ে দেন, রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা ছাড়া বিকল্প নেই।
ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা কেবল আইনের শাসনের কথা বললেই হবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। এজন্য আমাদের প্রস্তাব— কোনো ব্যক্তি যেন জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। এতে ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঘটবে না।”
তিনি আরও বলেন, “আইনের শাসনের প্রকৃত অভিভাবক হলেন আইনজীবীরা। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
সালাহউদ্দিন প্রোপোর্সনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন পদ্ধতিকে “স্থায়ী অস্থিরতা” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “নেপালের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই ব্যবস্থায় সরকার গঠনে দীর্ঘ সময় লাগে এবং স্থিতিশীলতাও থাকে না। বাংলাদেশে এ ব্যবস্থা চালুর পেছনে কিছু মহলের উদ্দেশ্য আছে, যা দেশে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে চায়। এতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে পড়বে এবং বিদেশি রাষ্ট্র সুযোগ নেবে।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়াসি পারভেজ তাহসিন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও রাগিব রউফ চৌধুরী।






















