বিএনপি ক্ষমতায় আসলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
- প্রকাশের সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 343
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতে নির্মাণ করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। আমাদের নদীর উপর নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে। গঙ্গায় ভারতের ৭২টি বাঁধ, সর্বশেষ ফারাক্কা বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট করেছে। এর প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্যা-খরার চক্রে আমাদের দেশের মানুষ ভুগছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার ও কাউয়ালজানির ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহŸায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, শ্রমিক দলের নেতা সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইচমাইল মোল্লা।

























