এই প্রথম বিজয় দিবসে জনশূন্য বঙ্গবন্ধুর সমাধি
- প্রকাশের সময় : ০৮:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 172
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিবছর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেশ ঘটা করে উদযাপন হতো বিজয় দিবস। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশ, প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো।
তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিস্থল দেখা গেল জনশূন্য। খা খা করছে সমাধি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানাতে আসেনি কেউ। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি। সমাধিস্থলের চারপাশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়। সমাধির তিনটি গেটে মোতায়েন ছিল পুলিশ।
ভেতরে প্রবেশ করে দেখা যায়, সমাধির বিভিন্ন সড়কে পড়ে আছে গাছের পাতা। সড়কের টাইলসে পড়েছে শ্যাওলা। বিশ্রামাগার ও সমাধির বিভিন্ন আসবাবপত্রে জমেছে ধুলো। ফুলগাছগুলোও যেন মৃতপ্রায়।
বঙ্গবন্ধুর সমাধির মসজিদের ইমাম হাফেজ নওয়াব আলী বলেন, অবস্থা বেশি ভালো না। আজকে কেউ সমাধিতে আসেনি। শ্রদ্ধা জানায়নি। ১৬ বছরে আজই প্রথম বিজয় দিবসে এমন জনশূন্য বঙ্গবন্ধুর সমাধি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদ আলম বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাধির গেটে পুলিশ মোতায়েন আছে। এছাড়া উপজেলায় আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আমাদের চোখে পড়েনি বা শুনি নাই। নিরাপত্তার কারণে সমাধিতে পুলিশ মোতায়েন আছে।




















