দৌলতদিয়ায় সহকর্মীর লাথিতে আহত কেসমতের মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / 234
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় হকারের লাথিতে কেসমত শেখ (৪৬) নামের আরেক হকার নিহত হয়েছে। নিহত কেসমত শেখ দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজীর পাড়ার মৃত ভাসান শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হসপিটালে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ৪ নম্বর ফেরিঘাটে হকার কেসমত শেখ ও হকার জীবন ফকির মারামারি করে একপর্যায়ে জীবন হকার কেসমত হকারের পেটে লাথি মারলে কেসমতে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি থাকলে তার অবস্থার অবনতি হলে তখন তাকে ঢাকায় পাঠানো হয়। শ্যামলী সিটি কেয়ার হসপিটালের চিকিৎসাধীন থাকা অবস্থায় কেসমতের মৃত্যু হয়। কেসমতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ৪ নং ফেরিঘাটে দুই হকারের মাঝে মারামারি করে কেসমত নামে এক হকার চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জীবন ফকিরকে আসামী করে একটি হত্যা মামলা করেছে পরিবার।


























