রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

- প্রকাশের সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 10

রাজবাড়ী শান্তিপ্রিয় মানুষের জেলা। এখানে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী একটি ছোট জেলা। এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। দেশের অন্য জায়গায় যা-ই হোক, এখানে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না।’
বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাজবাড়ীতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, রাজবাড়ী ছোট জেলা। এই জেলায় আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রত্যেককে কথা বলতে দিতে হবে। সব রাজনৈতিক দল তাদের কথা বলুক। জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করুক। কিন্তু তারা আমাদের কথা শোনেনি।’
তিনি আরও বলেন, গত ১৭ বছরে তাঁদের শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এখনো অনেক নেতাকর্মীকে আদালতে হাজিরা দিতে হয়। ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার পর তাঁর বাড়ির সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করে ঘিরে রাখা হয়েছিল। তাঁদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। তবে তিনি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে উল্লেখ করেন।
জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের দেড় হাজার মানুষকে গুলি করে হত্যার অভিযোগ তুলে খৈয়ম বলেন, ‘আজ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। এত কিছুর পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।’
নিজেদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে।
রাজবাড়ীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে এ জেলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তাঁরা রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় ওয়ার্কশপ নির্মাণ করা হবে। জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনে তাঁরা কাজ করছেন।
জনসভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























