নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই ভবন মালিককে জরিমানা
- প্রকাশের সময় : ০৯:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 11
নওগাঁয় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নিয়ে ভবন নির্মাণের দায়ে দুটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া (কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয়। উপস্থিত জনসাধারণকেও বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





















