অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে?
- প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 14
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টালিউড। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’—দুই বাংলার দর্শকের কাছে জনপ্রিয় এই অভিনেত্রী নাকি চলতি বছরের শেষেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি চক্রবর্তী। পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে তার বিয়ের জমকালো আয়োজন—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে টালিউডে।
তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মিমির কথিত হবু স্বামীকে ঘিরে। টালিউডের একটি সূত্রের দাবি, পাত্র চলচ্চিত্র বা বিনোদন জগতের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত। তার নাম সিদ্ধার্থ বলে জানা গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেননি মিমি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। প্রচলিত ধারার বাইরে গিয়ে অভিনয় দক্ষতার মাধ্যমে দ্রুত দর্শকের নজর কাড়েন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির ময়দানেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন সিনেমাটি।
পেশাগত ব্যস্ততার মাঝেই মিমি নাকি নীরবে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন—এমন দাবিই করছেন বিনোদন জগতের একটি অংশ। যদিও বিয়ের বিষয়ে এখনো মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে আপাতত এটি গুঞ্জন হিসেবেই রয়েছে। ভক্তদের প্রত্যাশা, শিগগিরই নিজের মুখে সুখবরটি জানাবেন জনপ্রিয় এই অভিনেত্রী।



















