পত্নীতলায় চুরি যাওয়া মালামালসহ দুইজন গ্রেফতার
- প্রকাশের সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 17
নওগাঁর পত্নীতলায় ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় চুরি যাওয়া মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে জনৈক হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে। এ সময় ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিনসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—পত্নীতলার গগনপুর আদিবাসীপাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)।
পুলিশ জানায়, গ্রেফতারদের দেওয়া তথ্য ও তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, একটি গ্যাসের চুলা, একটি রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন ও দুটি ডিভিসি রাউটার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এসব মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার দুজন চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।






















