কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 6
ঝিনাইদহের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি মিষ্টির দোকান ও হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
অভিযানকালে আদি ঘোষ সুইট, ঘোষ সুইট ও নিউ বাঘাট মিষ্টান্ন ভান্ডার নামের তিনটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ঢাকনাবিহীন অবস্থায় খাদ্যসামগ্রী রাখা এবং সংবাদপত্রে খাদ্যসামগ্রী বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান তিনটিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যপণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















