হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ
- প্রকাশের সময় : ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে গেছে। গত এক সপ্তাহে এ পথে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৭৭টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে পণ্যবাহী জাহাজের সংখ্যা ৪৫ থেকে কমে ৩৩টিতে নেমেছে।
কেপলার জানায়, গত ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে ২৮টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ২১টি ইরানের নির্ধারণ করে দেওয়া নৌপথ ব্যবহার করেছে। এসব জাহাজ হরমুজের প্রচলিত নৌপথ এড়িয়ে চলেছে। গত ৬ সেপ্টেম্বর প্রণালিটি পাড়ি দেওয়া আটটি জাহাজের মধ্যে সাতটিই ইরানের নির্ধারিত পথ অনুসরণ করেছে।
কেপলারের মতে, পণ্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়া এবং ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রবণতা চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। এর প্রভাব উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যেও পড়তে শুরু করেছে। তবে এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে এবং দাম বেড়েছে।
সূত্র: আলজাজিরা






















