গুরুত্বপূর্ণ সংবাদ:
ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে অচলাবস্থা: বিরোধীদের বৈঠক, ‘কিংমেকার’ আরব দলগুলো

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 3

ইসরায়েলে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর সরকার গঠনের সমীকরণ ঘিরে চরম রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো একক জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাষ্ট্রক্ষমতার মসনদে কে বসবেন, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ১২০ আসনবিশিষ্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী শিবির কিংবা গাদি আইজেনকটের পরিবর্তনপন্থী বিরোধী জোট—কারও পক্ষেই নিশ্চিত করা সম্ভব হয়নি।
এমন অচলাবস্থার মধ্যে মঙ্গলবার বিরোধী দলগুলো পরবর্তী করণীয় নির্ধারণে আনুষ্ঠানিক বৈঠকে বসছে। পরিবর্তনপন্থী শিবিরের দলগুলো সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানালেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, তা নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একাই পেয়েছে ২৭টি আসন। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন লাভ করেছে। নির্বাচনে চমক দেখিয়ে রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে আরব-প্রধান রাজনৈতিক দলগুলো। ফলে বর্তমান পরিস্থিতিতে আরব দলগুলোই মূলত সরকার গঠনের ক্ষেত্রে মূল ‘কিংমেকার’ বা নির্ধারক শক্তিতে পরিণত হয়েছে।
এই বাস্তবতায় নেতানিয়াহু আরব দলগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের ডাক দিয়েছেন। তাঁর দাবি, একক বৃহত্তম দল হিসেবে লিকুদের নেতৃত্বেই সরকার হওয়া উচিত এবং যেসব আরব দল ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নীতির বিরোধিতা করে, তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না।
অন্যদিকে, বিরোধী শিবিরেও আরব দলগুলোকে পাশে টানার প্রশ্নে স্পষ্ট বিভক্তি দেখা গেছে। বামপন্থী দ্য ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান সরকার গঠনে আরবদের সঙ্গে সমঝোতার পক্ষে থাকলেও চরম আপত্তি জানিয়েছেন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা অ্যাভিগডোর লিবারম্যান। এছাড়া নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ‘টুগেদার’ পার্টি এ বিষয়ে নিজেদের অবস্থান খোলাসা করেনি।
ইসরায়েলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট আইজাক হারজোগ বুধবার থেকে বিভিন্ন দলের আইনপ্রণেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন। আগামী ১১ নভেম্বরের মধ্যে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা ব্যক্তিকে সরকার গঠনের প্রথম সুযোগ দেবেন। মনোনীত প্রার্থী সরকার গঠনে প্রথম দফায় ২৮ দিন এবং প্রয়োজনে অতিরিক্ত ১৪ দিন সময় পাবেন। যদি প্রথম ও দ্বিতীয় প্রার্থী দুজনেই প্রয়োজনীয় সমর্থন জোটাতে ব্যর্থ হন, তবে নেসেটের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সম্মতিক্রমে তৃতীয় প্রার্থী খোঁজা হবে। অন্যথায় পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে এবং দেশটিকে আবারও নতুন সাধারণ নির্বাচনের মুখোমুখি হতে হবে। (সূত্র: এএফপি, দ্য টাইমস অব ইসরায়েল)
Tag :
























