দূরপাল্লার যাত্রায় নারী যাত্রীর ফাঁদে বাইকচালক, স্বর্ণালঙ্কার নিয়ে উধাও
- প্রকাশের সময় : ০৯:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 23
দূরপাল্লার যাতায়াতের জন্য মোটরবাইক ভাড়া করে চালকদের ফাঁদে ফেলে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।
গত ২২ মে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাইকচালক নজরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন লাবনী আক্তার নামে ওই নারী। অভিযোগ রয়েছে, পথে চালকের সঙ্গে সখ্য গড়ে তুলে তাকে ওষুধ মেশানো কোমল পানীয় পান করান তিনি। পরে ভালুকার একটি স্বর্ণের দোকানে গিয়ে প্রায় দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার কেনেন।
দোকানেই অসুস্থ হয়ে পড়লে নজরুল ইসলামকে স্বামী পরিচয় দিয়ে কৌশলে সটকে পড়েন ওই নারী। পরে জ্ঞান ফিরে তিনি বুঝতে পারেন, স্বর্ণালঙ্কার নিয়ে ওই নারী পালিয়ে গেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, একই কৌশলে ঢাকা থেকে মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাইকচালকদের ফাঁদে ফেলা হয়েছে। এমনকি একটি ঘটনায় এক বাইকচালককে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
গত রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরে একটি স্বর্ণের দোকানে একই ধরনের প্রতারণার চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন লাবনী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে লাবনীর বিরুদ্ধে শিবচর, ভাঙ্গা ও গাজীপুর সদরসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও তদন্ত করছে পুলিশ।
সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর






















