সোনার দাম আবারও বাড়ল
- প্রকাশের সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 7
দেশের বাজারে টানা তিন দফা সোনার দাম কমার পর এবার আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বুধবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করা হয়েছে।





















