কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা
- প্রকাশের সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 21
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে অপহরণ করে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হাওলাদার নামে এক ব্যক্তিকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।
রবিবার তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ধারাবাশাইল গ্রামে যাচ্ছিলেন। পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাকে অপহরণ করে বাজারসংলগ্ন একটি বাড়িতে আটকে রাখা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে গত শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত নাজমুল হাওলাদারকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।’





















