নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
- প্রকাশের সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 20
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই রায়ে ১০ আসামিকে খালাস এবং চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।
ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। নুসরাত হত্যার ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।
পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। পাশাপাশি ১০ আসামিকে খালাস এবং চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
নুসরাত হত্যাকাণ্ডের এই রায়কে ঘিরে দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে ছিলেন নিহতের পরিবার ও দেশবাসী।




















