গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬
- প্রকাশের সময় : ০২:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 14
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।
পুলিশ জানায়, এর আগে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। তবে মিছিলে থাকা অন্যরা পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





















