প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল
- প্রকাশের সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 10
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া পৃথক চারটি চিঠিতে নওগাঁ-৩ আসনের উন্নয়নসংক্রান্ত এসব বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে একটি উদ্যোগের আওতায় ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ও স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়পুরকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে বদলগাছী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পর্যটন ও আতিথেয়তা খাত সংশ্লিষ্ট বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পর্যটন খাতের জন্য স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরির পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে ‘বদলগাছী সমন্বিত পর্যটন অঞ্চল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়পুরকেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি, সার্জারি ও অ্যানেসথেশিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের বিষয়েও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে অনুরোধ করা হয়েছে।
চিঠিগুলোতে উল্লেখ করা হয়, এসব বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, পাহাড়পুরকে কেন্দ্র করে পর্যটন ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনাটির পর্যটন সম্ভাবনা আরও বাড়বে, অন্যদিকে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
এলাকার সাধারণ মানুষ জানান, ফজলে হুদা বাবুল একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে সাধারণ মানুষের কথা ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন। কোনো ধরনের মাধ্যম ছাড়াই তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ রয়েছে বলেও জানান তারা। জনগণের ভাষ্য, তিনি ধৈর্যের সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয়রা সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, নির্বাচনের আগে দেওয়া তাঁর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে নওগাঁ-৩ আসনের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।





















